News71.com
 Bangladesh
 11 Apr 16, 08:00 AM
 637           
 0
 11 Apr 16, 08:00 AM

নার্সদের মিছিলে পুলিশি বাধা, পণ্ড হয়ে গেল কর্মসূচি ।।

নার্সদের মিছিলে পুলিশি বাধা, পণ্ড হয়ে গেল কর্মসূচি ।।

নিউজ ডেস্কঃ জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হয় নার্সরা । এতে করে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায় । আজ দুপুরে প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান এবং কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল বাংলাদেশ বেকার ডিপ্লোমা বেকার নার্সেস ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির ।

আন্দোলনরত নার্সরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় পুলিশ কদম ফোয়ারার সামনে ব্যারিকেড তৈরি করে। ১১টা ৫০ মিনিটের দিকে পুলিশ ব্যারিকেড দেয়। এরপর প্রায় সোয়া ১২টার দিকে নার্সরা ব্যারিকেডের কাছে এসে প্রাচীর ভাঙার চেষ্টা করে । তবে পুলিশের বাধার ফলে আর সামনে এগোতে পারে না তারা। এ জন্যে ব্যারিকেডের সামনে দাঁড়িয়েই তারা ‘নার্সদের কিছু হলে জ্বলবে আগুন হাসপাতালে’, ‘নিয়োগ বাণিজ্যের সার্কুলার মানি না মানব না’, ‘দশবছরের অধিকার ফিরিয়ে দাও’, স্লোগান দিতে থাকে ।

এ সময় প্রেস ক্লাব থেকে হাইকোর্টমুখী সড়কের যান চলালাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রেসক্লাব, হাইকোর্ট ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিস্থলে পুনরায় অবস্থান নেয়। এরপর প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে যান চলাচল শুরু হয় ।

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশি বাধায় ক্ষোভ প্রকাশ করেছেন নার্সরা । বাংলাদেশ বেকার ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসাইন বলেছেন, আমরা আট দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান করছি। কিন্তু সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাইনি। আশা করছি, সরকার আমাদের দাবি মেনে নেবে । তিনি বলেন, শুধু নিয়োগ বাণিজ্য করার জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা কোনোভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ মেনে নেব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ।

উল্লেখ্য, আগামী ১৬ই এপ্রিল সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি । ১৬ই এপ্রিলের পর আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো নার্স আত্মহত্যা করলে কিংবা কোনো ক্ষতি হলে, এর দায় সরকারকেই নিতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন