News71.com
 Bangladesh
 11 Apr 16, 11:24 AM
 660           
 0
 11 Apr 16, 11:24 AM

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ।। ৭-৮ কর্মকর্তা নজরদারিতে, কাজ করছে একাধিক তদন্ত কমিটি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ।। ৭-৮ কর্মকর্তা নজরদারিতে, কাজ করছে একাধিক তদন্ত কমিটি

নিউজ ডেস্ক : রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাত-আটজন সন্দেহভাজন কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব কর্মকর্তার ব্যক্তিগত ব্যাংক হিসাব, মেইল আদান-প্রদান ও মোবাইল ফোনের কথোপকথনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের বেশ কয়েকদফা জিজ্ঞাসাবাদও করা হয়েছে ।

উল্লেখ্য রিজার্ভ চুরির মামলাটি তদন্ত করছে সিআইডি। সিআইডি সূত্র জানায়, তদন্তের অংশ হিসেবে সিআইডির দুটি দল এখন বিদেশে অবস্থান করছে। তাদের মধ্যে একটি দল ফিলিপাইন ও অন্যটি শ্রীলঙ্কায় অবস্থান করছে। এ ছাড়াও ইন্টারপোলের একটি বিশেষজ্ঞ দলও সার্বক্ষণিক সহায়তা করছে সিআইডিকে। ঢাকায় তদন্ত সমন্বয়ের কাজ করছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম।

জানাগেছে গত ৪ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর বিভিন্ন সময়ে একাধিক কর্মকর্তার ব্যক্তিগত ও দাপ্তরিক কম্পিউটার জব্দ করেছে সিআইডি। অনেক কম্পিউটার জব্দ করা হয় কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ থেকেও।

জব্দকৃত কম্পিউটার ও অন্যান্য ই-মেইল পরীক্ষা করে জানাগেছে হ্যাকিংয়ের সঙ্গে চীন, হংকং, জাপান, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের নাগরিকেরা জড়িত। এসব নাগরিকের ব্যাপারে বিস্তারিত জানতে ইন্টারপোলের মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে। ইন্টারপোলের অর্থ পাচার শাখা এ তদন্তের সঙ্গে যুক্ত হয়েছে বলে ঢাকায় ইন্টারপোলের শাখা (এনসিবি) কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

তদন্ত কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের সুইফট সংযুক্ত কম্পিউটারে ম্যালওয়ার প্রবেশ করিয়ে পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। এসব কম্পিউটার থেকে পরিশোধ আদেশ (পেমেন্ট অর্ডার) দিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে অর্থ চুরি করা হয়। এর মধ্যে একটি কম্পিউটার থেকে ৪ ফেব্রুয়ারি রাতে ও পরবর্তী সময়ে মিসরে তথ্য পাঠানোর চেষ্টা করা হয়।

এদিকে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গত ১৫ মার্চ গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । ফরাসউদ্দিন কমিটির কর্মপরিধিতে এক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন এবং ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এই কমিটির কার্যপরিধি হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এই অর্থ কীভাবে ও কার বরাবর গেল, অবৈধ পরিশোধ ঠেকাতে বাংলাদেশ ব্যাংক কী পদক্ষেপ নিয়েছে, বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে গোপন রাখার যৌক্তিকতা কী, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ছিল কি না, অর্থ উদ্ধারের সম্ভাবনা কতটুকু এবং একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে করণীয় কী ।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেনসিক দলও করছে আলাদা তদন্ত। এই দল বাংলাদেশ ব্যাংকের সব কম্পিউটার পরীক্ষা করছে। পাশাপাশি নিরাপত্তা সফটওয়্যার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। পুরো এপ্রিল মাস কাজ শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে দলটি প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন