
নিউজ ডেস্ক : হাইকোর্টের ভাস্কর্য সরানোর প্রতিবাদে মশাল মিছিলের করছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ থেকে এ মশাল মিছিল শুরু হয়েঝছে। এরআগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমেমশাল মিছিলের কথা জানিয়েছিলেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছিলেন, ‘ভাস্কর্য নিয়ে সরকারের নোংরা রাজনৈতিক অপকৌশলের প্রতিবাদে আজ সন্ধ্যা ৬টা শাহবাগে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল।যোগ দিন, সরব হোন। সরকারের হেফাজতীকরণ রুখে দাঁড়ান।’ এদিকে ঢাকায় আদালত প্রাঙ্গন থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারন নিয়ে সরব হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম । তারা এই বিষয়টিকে সরকারের মৌলবাদের কাছে নতজানু অবস্থান হিসেবে আখ্যায়িত করেছেন।
এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিবাদকারীরা। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টের দিকে গেলে দোয়েল চত্বরে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদর ওপর জল কামান ছোড়ার পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৭ জন। আতহদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দীসহ চারজনকে। সংঘর্ষের ব্যাপারে তিনি বলেন, ‘‘বিক্ষোভকারীরা হাইকোর্টের সামনের আসতে চাইলে তাদের বাধা দেয়া হয়েছে। পুলিশ তাদের আহত করার মতো কোনো পদক্ষেপ নেয়নি, শুধু ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করেছে।’’
এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া সাতজন হলেন- সঞ্জয় কান্তি (২৫), মিদুল (২৫), জামসেদ আনোয়ার তপন (৪০), সুলতানা আক্তার (২৫), কথা (২২), মিতু (২২) ও অজ্ঞাত নারী (৫০)।ছাত্র-জনতার ব্যানারে বিভোক্ষ কর্মসূচিতে অংশ নেয় ছাত্র জনতা পরিষদ, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
উল্লেখ্য এ বছরের রোজার আগে ভাস্কর্য অপসারণের সময়সীমাও দিয়েছিল ওই সব সংগঠন। এমন দাবির পরিপ্রেক্ষিতে অপসারণ করা হয়েছে শিল্পী মৃণাল হকের গড়া ভাস্কর্যটি। আলোচনা-সমালোচনার মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই ভাস্কর্য অপসারণের কাজ শুরু করা হয়। অপসারণ কাজ শেষ হয় ভোরে। এ সময় ভাস্কর্য অপসারণের বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করে ক্ষুব্ধ জনতা। শুক্রবার বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন। গত ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে—এমন দাবি করে এর অপসারণের দাবি করে আসছিল হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক নানা সংগঠন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিক্রিয়া
=====================
ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে । এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে মুসলিম মৌলবাদীদের চাপে সুপ্রিম কোর্ট চত্বর থেকে লেডি জাস্টিস মূর্তি সরাল হাসিনা সরকার। মৌলবীরা দাবি করেছিল, মূর্তি ইসলামবিরোধী তাই তা সরাতে হবে। প্রতিবাদ করেন বুদ্ধিজীবীরা। কিন্তু সেই প্রতিবাদে কর্ণপাত না করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে থেকে লেডি জাস্টিস মূর্তি সরিয়ে দিল শেখ হাসিনা সরকার।
মূর্তিটি গ্রিক বিচারের দেবী থেমিসের হলেও আদল ছিল বাঙালি মহিলার। শাড়ি পরা, এক হাতে তলোয়ার ও অন্যহাতে বিচারের মানদণ্ড থাকা ওই মূর্তি সুপ্রিম কোর্টের সামনে বসানো হয় মাস ছয়েকও হয়নি। কিন্তু মুসলিম সংগঠনগুলি দাবি করে, ওই মূর্তি বসিয়ে মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে অতএব তা সরাতে হবে।
শেখ হাসিনা সরকার এই দাবি মেনে নেওয়ায় পথে নামেন অসংখ্য ধর্মনিরপেক্ষ মানুষ। প্রতিবাদ করে গনজাগরণ মঞ্চ। আদালতের সামনে এসে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে তারা। মূর্তিটি যিনি তৈরি করেন, সেই স্থপতি মৃণাল হক বলেছেন, দেশে শান্তিরক্ষার জন্য ওটি সরিয়ে দেওয়া হল। তবে আধিকারিকরা তাঁকে বলেছেন, সুপ্রিম কোর্টের অ্যানেক্স বিল্ডিংয়ের কাছে তা আবার বসানো হবে।
মুসলিম মৌলবাদীদের দাবি, ওই গ্রিক দেবীর মূর্তি ইসলাম বিরোধী, তা বসানো মূর্তিপূজার সামিল। এপ্রিল মাসে মৌলবীদের সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনাও ওই মূর্তির ব্যাপারে তাঁর অমত প্রকাশ করেন ও তা সরিয়ে দেওয়ার দাবিতে সায় দেন। এ ব্যাপারে সমালোচনা হলে তিনি বলেন, মূর্তিটি আর গ্রিক দেবীর নেই, তা এখন অর্ধেক গ্রিক, অর্ধেক বাঙালি। তাহলে এটা সরানো হবে না কেন।
বাংলাদেশে জঙ্গিদের বিরুদ্ধে নিয়মিত পুলিশি ধরপাকড় চললেও দ্রুত মাথাচাড়া দিচ্ছে ইসলামি কট্টরপন্থা। শেষ কয়েক বছরে একের পর এক ধর্মনিরপেক্ষ ব্লগার, সংখ্যালঘু নাগরিক ও সমকামী ব্যক্তি এই কট্টরপন্থীদের হাতে প্রাণ হারিয়েছেন।