
নিউজ ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে বাংলাদেশের নেওয়া পদক্ষেপে সন্তোষ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে নিরাপত্তার আন্তর্জাতিক ‘মানদণ্ডে ঘাটতি’র কারণে ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি পণ্য পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের ব্যাপারে চিঠিতে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেছে, ক্যামেরন ৮ এপ্রিল শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন।
সূত্রটি বলেছে, গত মাসের শুরুতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে সরাসরি পণ্য পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের পর থেকে সরকারের নেওয়া পদক্ষেপে ক্যামেরন সন্তুষ্টি প্রকাশ করেন। বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে যুক্তরাজ্যের বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও আছে চিঠিতে।
মন্ত্রণালয়ের অন্য একটি সূত্র বলেছে, ২৯ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নে নিবন্ধিত নিরপেক্ষ পর্যবেক্ষকের প্রতিবেদনের পর পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা উঠতে পারে।