
নিউজ ডেস্কঃ তরল জ্বালানির মূল্য কমানোর সঙ্গে সঙ্গে সিএনজির মূল্য আনুপাতিক হারে কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন। একইসঙ্গে তারা ২০১৩ সালের ২৯শে জুলাই গঠিত কমিটির সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সিএনজি খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার করার দাবি জানান তারা। এছাড়া আগামী ২৩শে এপ্রিল সংগঠনটির জরুরি সাধারণ সভা ডাকা হয়েছে। এর মধ্যে সিএনজির মূল্য কমানো উদ্যোগ না নিলে ওই সভা থেকে মালিকদের মতামত নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেছে সংগঠনটি।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির সভাপতি মাসুদ খান এ হুশিয়ারি দেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর, সহ-সভাপতি মনোরঞ্জন ভক্ত, নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মাসুদ খান বলেন, তরল জ্বালানির মূল্য কমানোর সঙ্গে সঙ্গে সিএনজির মূল্য আনুপাতিক হারে কমানো না হলে সরকারের লাভজনক এই খাতটি মুখ থুবড়ে পড়বে। সংকটে পড়বে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ। পথে বসে যাবে সরকারের প্রত্যক্ষ উৎসাহে বিনিয়োগকারী সিএনজি মালিকরা। তিনি বলেন, দেশের মোট গ্যাস উৎপাদনের ৫ শতাংশ সিএনজি খাতে ব্যবহৃত হয়। সরকার মোট গ্যাসের মূল্য ২২ শতাংশ বেশি রাজস্ব পাচ্ছে এই খাত থেকে ।