News71.com
 Bangladesh
 12 Apr 16, 08:46 AM
 612           
 0
 12 Apr 16, 08:46 AM

বিক্রি হচ্ছে না উত্তরা প্রকল্পের ফ্ল্যাট ।। ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি......

বিক্রি হচ্ছে না উত্তরা প্রকল্পের ফ্ল্যাট ।। ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি......

নিউজ ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বিক্রি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ফ্ল্যাট বিক্রি বাড়াতে রোড শো আয়োজনের সুপারিশ করেছে কমিটি । জাতীয় সংসদ ভবনে আজ বিকেলে অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় ।

কমিটি সূত্র বলেছে, কমিটির পক্ষ থেকে রাজউকের এই ফ্ল্যাট প্রকল্পের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। আগের বৈঠকে মন্ত্রী নিজেও এই প্রকল্পের কার্যক্রমে হতাশা প্রকাশ করেন। তিনি ফ্ল্যাট বিক্রির জন্য ব্যাপক প্রচারণা চালানোর তাগিদ দেন ।

গত বৈঠকের কার্যবিবরণীতে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নির্মিত ফ্ল্যাটগুলো দ্রুত বিক্রি হলেও রাজউকের ফ্ল্যাট প্রকল্প সম্পর্কে জনমনে বিরুপ মনোভাব সৃষ্টি হওয়ায় ফ্ল্যাটগুলো বিক্রিতে কাঙ্খিত আবেদনপত্র পাওয়া যায়নি। অথচ এই ফ্ল্যাটগুলোর সুযোগ-সুবিধা বেসরকারি কোম্পানির ফ্ল্যাটের থেকে অনেক বেশি। মূল্য পরিশোধের সময়ও অনেক বেশি। বিষয়গুলো ব্যাপক প্রচার করা গেলে ফ্ল্যাটগুলো দ্রুত বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

বৈঠকে রাজউকের পক্ষ থেকে বলা হয়, উত্তরায় ফ্ল্যাট বিক্রি বাড়াতে নানামূখী কর্মসূচী নিয়েছে। গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি বিপনন ক্যাম্পেইন চলছে ।

উল্লেখ্য, উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে ৭৯টি ১৬ তলা ভবনে ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৮৪০টি, ২০১৭ সালের জুনের মধ্যে আরো ৫০৪টি, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে আরো ৩ হাজার ৪৪৪টি এবং ২০১৮ সালের জুনের মধ্যে বাকী এক হাজার ৮৪৮টি ফ্ল্যাট হস্তান্তর উপযোগী করা সম্ভব হবে ।

আরও বলা হয়েছে, অবিক্রিত ফ্ল্যাট বিক্রির জন্য বিপনন ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার জন্য খ্যাতনামা ক্যাম্পেইন ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। উক্ত ক্যাম্পেইনে দেশের এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে ।

কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল) ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন