
নিউজ ডেস্কঃ নোয়াখালী জেলা জজ কোর্ট, মালেক উকিলের সমাধিসহ বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ স্থাপনার সামনে সরকারি সম্পত্তির উপর অনুমোদনহীন বাণিজ্যিক ড্রিম পার্ক নির্মাণের ওপর ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট । একইসঙ্গে সরকারি সম্পত্তির উপর অনুমোদনহীন বাণিজ্যিক ড্রিম নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত ।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো: খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন । আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী ও সিরাজুল আলম ভূইয়া ।
স্থানীয় সরকার সচিব, শ্রম সচিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, নোয়াখালীর ডিসি, নোয়াখালী পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট ৭ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে ।
পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, নোয়াখালী জেলা জজ কোর্টের সামনে ঐতিহাসিক বড় দিঘির চারপাশে বাংলাদেশ সরকারের সাবেক স্পীকার আব্দুল মালেক উকিলের কবরস্থান, শহীদ মিনার বিজয়মঞ্চ, কচিঁকাচার মেলা, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। এই এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত এলাকা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এখানে বাণিজ্যিক পার্ক নির্মাণ করে অর্থ উপার্জন করা জনস্বার্থ বিরোধী হবে। বিষয়টি চিন্তা করে আমরা আদালতে রিট অবেদন করেছি। সে রিটের শুনানি করে আজ আদালত এ আদেশ দেন ।
রিটকারী আইনজীবীদের দাবি পি.ডব্লিউ ডি এর মালিকানাধীন এই জায়গায় নোয়াখালী পৌরসভার বর্তমান মেয়রসহ কিছু প্রভাবশালী ব্যক্তি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ড্রিম পার্ক নির্মাণের জন্য কাজ শুরু করেন । পরে ড্রিম পার্ক নির্মাণ বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট দায়ের করেন নোয়াখালী জেলা কৃষক লীগের ভাইস প্রেসিডেন্ট সহিদ সারওয়ারসহ দুই ব্যক্তি ।