
নিউজ ডেস্কঃ সিলেটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রিংকু দাশ নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে আইসিটি পরীক্ষা চলাকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাশিম আলী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। রিংকু দাশ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ০৭ এপ্রিল ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে প্রশ্নপত্রের ছবি তুলে মোবাইল বার্তার মাধ্যমে নিজ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক নৌশাদ মিয়ার কাছে পাঠান অভিযুক্ত রিংকু দাশ।
আজ আইসিটি পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হুরে জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ম্যাজিস্ট্রেট ওই শিক্ষকের মোবাইল ফোনের গ্যালারি যাচাই করে ইংরেজি প্রথমপত্রের প্রশ্নের ছবি দেখতে পান। তাৎক্ষণিক তিনি ওই শিক্ষককে আটকের নির্দেশ দেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাকে আটক করেন এবং ঐ শিক্ষক অপরাধ স্বীকার করেছেন।