News71.com
 Bangladesh
 12 Apr 16, 11:52 AM
 674           
 0
 12 Apr 16, 11:52 AM

শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ইসি ।।

শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ইসি ।।

নিউজ ডেস্কঃ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে মেয়র পদ থেকে সাসপেন্ড ও তার বিরুদ্ধে নির্বাচনী আইনে মামলা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হতে পারে । আজ এ সংক্রান্ত একটি ফাইল কমিশনের অনুমোদনের জন্য তোলা হয়েছে । গত ৩১শে মার্চ ওই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সূত্র ইসি ;

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বিভাগীয় কমিশনার মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ওই চিঠি আমলে নিয়েছি। মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের দ্রুত চিঠি দেওয়া হবে ।

উল্লেখ্য, ৩১শে মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে আচরণবিধি লংঘন করেন শ্রীবরদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবু সাইদ। তিনি পৌরসভার গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘোরাঘুরি করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিন তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এতে উত্তেজিত হয়ে ইউএনওর সঙ্গে অশোভন আচরণ করেন। এমনকি ইউএনওকে হত্যার হুমকি দেন। ওইদিন রাতে নির্বাচনী সামগ্রীসহ নিজ অফিসে ফেরার পথে দুর্বত্তদের হামলার শিকার হন ইউএনও এবং তার গাড়ির চালক ।

শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. এএম পারভেজ রহিম বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন। চিঠির এক স্থানে তিনি উল্লেখ করেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়র আবু সাইদের আচরণ অনভিপ্রেত, অনাকাক্ষিত ও নির্বাচনী আচরণবিধি পরিপন্থী এবং স্থানীয় প্রশাসনের জন্য হুমকিস্বরূপ। জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় চিঠিতে। চিঠির অনুলিপি নির্বাচন কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও দেওয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন