
নিউজ ডেস্কঃ দিনাজপুরের হাকিমপুরে অপহরণের একদিন পর আত্বাহী আল রশিদ মনি নামে এক শিশুর বস্তাবন্ধী মৃতদেহ । গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশি সামিউলের বাড়ীর টিনসেড ঘরের মেঝে থেকে বস্তাবন্দী অবস্থায় এ লাশ উদ্ধার করে পুলিশ।
গত রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ ঐ শিশুর বস্তাবন্দী লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে । এই ঘটনায় বিক্ষুদ্ধ জনতা অপহরণকারীর বাড়ীতে আগুন ধরিয়ে দেয় ও বিক্ষোভ করে। এই ঘটনায় সামিউল ও তার বাবা আমজাদ আলীকে আটক করে পুলিশ । বর্তমানে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে ।
মৃত শিশু আত্বাহী আল রশিদ জেলার হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যক্ষ, মুহাড়াপাড়া এলাকার মামুনুর রশিদ আজাদের ছেলে।
মৃত শিশুর পিতা মামুনুর রশিদ আজাদ সাংবাদিকদের জানান,গত সোমবার সকালে শিশু রশিদ বাড়ীর পার্শ্বে খেলা করার সময় অপহরণকারীরা শিশুটিকে অপহরণ করে। পরে অপহরণকারীরা শিশুর বাবার মোবাইল ফোনে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপন দাবি করে। শিশু পুত্র সন্তানকে ফিরে পেতে দাবিকৃত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তারপরই অপহরণকারীদের সিমকার্ডটি বন্ধ করে দেয়। সাথে সাথেই বিষয়টি পুলিশকে অবহিত করেন তিনি।
এ ব্যাপারে হাকিমপুর থানার ওসি (তদন্ত) একরামুল কবির জানান, মোবাইল ফোনের কল লিষ্ট চেক করে পুলিশ প্রতিবেশি আমজাদ আলীর ছেলে সামিউল ইসলামকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়ীর টিনসেড ঘরের তালা বন্ধ ঘরের মেঝ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয় ।
ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ ফয়জুর রহমান জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন । এ ঘটনার সাথে জড়িত থাকায় পিতা ও পুত্রকে আটক করা হয়েছে এবং অপহরণকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন ।