News71.com
 Bangladesh
 13 Apr 16, 02:29 AM
 623           
 0
 13 Apr 16, 02:29 AM

মিথ্যা ঠিকানায় অভিযোগপত্র এড়ানো গেলেও শেষরক্ষা হলো না বাবুলের ।।

মিথ্যা ঠিকানায় অভিযোগপত্র এড়ানো গেলেও শেষরক্ষা হলো না বাবুলের ।।

নিউজ ডেস্কঃ চার বছর আগে জাল নোট ও তা বানানোর সরঞ্জামসহ ধরা পড়ার পর ভুল ঠিকানায় জামিন নিয়ে অভিযোগপত্র থেকে বাদ পড়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

বাবুল ওরফে বাবু নামে মামলাটির এজাহারভুক্ত ওই আসামিকে সোমবার ঢাকার যাত্রাবাড়ীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই’র ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন । জামিনে ছাড়া পাওয়ার পর বাবু পালিয়ে গিয়েছিল। চার বছর পর তার ছেলের সন্ধান পেয়ে বাবুর অবস্থান নিশ্চিত হই, সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

উল্লেখ্য, ২০১২ সালে ১১ অগাস্ট রাজধানীর কদমতলী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৬৩ লাখ ছয় হাজার ৬০০ টাকার জালনোট ও জাল নোট বানানোর সরঞ্জাম উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। সে সময় বাবুসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই কর্মকর্তা আজাদ বলেন, জামিন নেওয়ার সময় বাবু তার ঠিকানা বলেছিলেন বাগেরহাট। পরে দেখা যায় ওই ঠিকানা ভুল। এজন্য বাবুসহ দুজনকে বাদ দিয়ে গত বছরের ২৯শে মার্চ আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

মহানগর দায়রা জজ আদালত অভিযোগপত্র আমলে না নিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই তদন্ত করতে গিয়ে এই মামলার আরেক আসামির খোঁজ পায়, যে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। ওই আসামিকে জালনোটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনা হয়। জিজ্ঞাসাবাদে সে বলে, ২০১২ সালে বাবুর এক সন্তান যাত্রাবাড়ীর কোন এক স্কুলে পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত।

এই সূত্র ধরে তদন্তের মাধ্যমে প্রথমে স্কুল ও পরে বাবুর ছেলের সন্ধান মেলে । স্কুলে গিয়ে ২০১২ সালের দুই শ্রেণির তথ্য খুঁজে দেখা যায়, ওই সময় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া বাবুর ছেলে এখন দশম শ্রেণির ছাত্র। ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পর সোমবার যাত্রাবাড়ীর বাসায় গিয়ে বাবুকে গ্রেপ্তার করা হয়। এবার বাবু বলেছে তার গ্রামের বাড়ী মুন্সীগঞ্জের লৌহজংয়ে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন