
নিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া সাময়িক বরখাস্তের স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে তার মেয়র পদে ফিরতে আর কোন বাঁধা নেই । যেকোন সময় স্বপদে বহাল হতে পাবেন বিএনপি নেতা অধ্যাপক মান্নান । এখন শুধু সরকারের সবুজ সংকেতের অপেক্ষা ।
গাজীপুরের সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার সকালে ‘নো অর্ডার’ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালতে মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আর প্রতিপক্ষ কিরণের পক্ষে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য গত ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে শিশুসহ পাঁচ যাত্রী দগ্ধ হন। সর্বশেষ এ ঘটনায় মেয়র মান্নানসহ ৩৯ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
পরবর্তীতে গত ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি তার ঢাকার বারিধারার বাসা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নানকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ কারাবাসের পর গত ০২ মার্চ উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত হন মেয়র মান্নান । অধ্যাপক মান্নান জেলে থাকা অবস্হায় গাজীপুরের জয়দেবপুরে করা মামলার অভিযোগপত্র গ্রহণের কথা উল্লেখ করে গত বছরের ১৯ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, ‘তার (মান্নান) বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০১৫ সালের ১২ মে গৃহীত
হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) মোতাবেক সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই ক্ষমতাবলে এম এ
মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো’।
কারামুক্তির পর মন্ত্রণালয়ের এ বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মেয়র মান্নান। এর আগে এক রিট আবেদনের শুনানি নিয়ে গত সোমবার (১১ এপ্রিল) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্তের কার্যকারিতা ছয়মাসের জন্য স্থগিত করে রুলসহ আদেশ দেন।
পরের দিন মঙ্গলবার কিরণ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ‘নো অর্ডার’ (কোনো আদেশ নয়) আদেশ দেন এবং আবেদনটি
শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আবেদনের শুনানি শেষে সাময়িক বরখাস্তের স্থগিত আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে আবারও মেয়র পদে ফিরত পারবেন এম এ মান্নান।