
নিউজ ডেস্কঃ বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর দুর্নীতির মামলায় খালাসের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া পুনর্বিবেচনার রায়ই বহাল রয়েছে। খালাসের পক্ষে টুকুর করা আবেদনের সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। আজ প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ কিছু পর্যবেক্ষণসহ টুকুর রিভিউ আবেদনের নিষ্পত্তি করে দিয়েছে। এর ফলে আগের নির্দেশনা অনুসারে খালাসের রায় বাতিল এবং হাই কোর্টে পুনঃশুনানির আদেশই বহাল।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর পক্ষে রিভিউ আবেদনের শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে ২০০৭ সালের মার্চে টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী। কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছর ২৮শে জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন। জরুরি অবস্থার মধ্যেই ২০০৭ সালের ১৫ নভেম্বর বিশেষ জজ আদালত এ মামলার রায়ে টুকুকে নয় বছরের কারাদণ্ড দেয়। তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাই কোর্ট ২০১১ সালের ১৫ জুন তাকে বেকসুর খালাস দেয়। ২০১৩ সালের ডিসেম্বরে হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক।