
আন্তর্জাতিক ডেস্কঃ সেনাবাহিনী কর্তৃক ধর্ষণের প্রতিবাদে প্যারিসে টানা ১৯ দিন অনশন করেন জিবুতির আট নারী। অবশেষে গতকাল তারা অনশন শেষ করেন। তারা বলেন, মানুষের দৃষ্টি কাড়াই ছিল তাদের উদ্দেশ্য। তা অর্জন করতে পারায় অনশন শেষ করছেন তারা। এ খবর এএফপি।
গত ২৫শে মার্চ ১০ জন নারী এ অনশন শুরু করেন। তারা পানি, আপেলের রস, চা ছাড়া আর কোন খাবার গ্রহণ করেন নি। এক পর্যায়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তাদের দু’জন। ফলে তারা অনশন বন্ধ করে দেন। এ কর্মসূচি অব্যাহত রাখেন বাকি ৮ জন। অনশনকারী ওই নারীদের সমর্থন দিয়েছে ফ্রান্সের একটি পরামর্শক প্রতিষ্ঠান। তার মুখপাত্র আইচা ডাবালে বলেন, এই অনশন হলো প্রতিবাদের প্রথম পদক্ষেপ। ধর্ষণের বিষয়ে যে দায়মুক্তি অব্যাহত আছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ।
অন্যদিকে, আলাদাভাবে জিবুতির অন্য দশজন নারী তাদের প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে তাদের অনশন শুরু হওয়ার কথা ব্রাসেলসে। ওদিকে প্যারিসে যে নারীরা অনশন করেছেন তাদের মধ্য থেকে চারজন বলেছেন, নিজ দেশের সেনারা দেশে থাকতে তাদেরকে ধর্ষণ করেছে। তবে জিবুতি সরকারের এক মুখপাত্র বলেছেন, এ অভিযোগের কোন সত্যতা নেই ।