News71.com
 Bangladesh
 13 Apr 16, 07:30 AM
 699           
 0
 13 Apr 16, 07:30 AM

ছাত্রীদের বাস দেওয়ার চিন্তা করছে সরকার ।।  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

ছাত্রীদের বাস দেওয়ার চিন্তা করছে সরকার ।।  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

নিউজ ডেস্কঃ প্রতিটি কলেজে শুধু ছাত্রীদের জন্য সরকার বাস দেওয়ার চিন্তা-ভাবনা করছে বললেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে ‘শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ বন্ধ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সচিবালয়ের দফতর থেকে অনুষ্ঠানে যোগ দিয়ে মেহের আফরোজ বলেন, বাড়ির কাছাকাছি প্রাইমারি ও হাইস্কুল থাকলেও কলেজ অনেক দূর থাকে। এত দূরে গিয়ে কলেজে পড়তে অনেক সময় ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে। এ সমস্যার কারণে অনেক মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়। তাদের বিয়ে হয়ে যায়। এটাও বাল্য বিবাহের অন্যতম কারণ।

ছাত্রীদের এ সমস্যা সমাধানে প্রতিটি কলেজে শুধু ছাত্রীদের জন্য একটি বাস দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। শুধুমাত্র বাল্য বিবাহ বন্ধ করলেই হবে না, বাল্য বিবাহের কারণ নির্ধারণ করে তার প্রতিকার করতে হবে’ বলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ।

বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. আমিনুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন দফতরের প্রধান, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান  উপস্থিত ছিলেন ।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমও যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন