News71.com
 Bangladesh
 13 Apr 16, 10:19 AM
 651           
 0
 13 Apr 16, 10:19 AM

কিশোরগঞ্জে পাহাড়ী ঢলে ৪ হাজার হেক্টর জমির ফসল নষ্ট ।।

কিশোরগঞ্জে পাহাড়ী ঢলে ৪ হাজার হেক্টর জমির ফসল নষ্ট ।।

নিউজ ডেস্কঃ উজান থেকে আসা পাহাড়ী ঢলে জেলার হাওর বেষ্টিত ৬টি উপজেলায় ৪ হাজার ২২২ হেক্টর জমি সম্পূর্ণ বিনষ্ট ও ৪ হাজার ৬৯৫ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে হাওর এলাকার একমাত্র ফসল হারিয়ে কৃষক এখন পাগল প্রায়।

অষ্টগ্রাম উপজেলার বড় আবদা ও পূর্ব হাওরে ২ হাজার ২৫০ হেক্টর, মিঠমইনে কুড়ারকান্দি বিল ও কুশিয়ারা শাখা নদীর ইছাপুর বাঁধ ভেঙ্গে ৩৯৫ হেক্টর, নিকলী উপজেলার বৌলার হাওরে ১৭২ হেক্টর, কুলিয়ারচরে ৩০ হেক্টর, ইটনায় জয়সিদ্ধির ইছাজানী হাওরে ১ হাজার ১৭৫ হেক্টর, করিমগঞ্জে গাংগাইয়া হাওরে ২০০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়েছে ।

উজান থেকে আসা পাহাড়ী ঢলে মেঘনার ঘোড়াউত্রা ও কালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অষ্টগ্রামে তিনটি বাঁধ ভেঙ্গে তিনটি হাওরের প্রায় ১০ হাজার একর জমির বোরো ধান তলিয়ে গেছে। ভারী বর্ষণ ও ঝড়ে হাওর এলাকার কালনী-কুশিয়ারা, মেঘনা, খোয়াই, ধলেশ্বরী, চরদেওঘর, কলমার বাঁক, বলাকা, বৈঠাখালী, ঘোরাউত্রাসহ কয়েকটি নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে ।

এছাড়াও পানির চাপে রবিউল্লার বাঁধ, কালিচরের বাঁধ এবং বাওইরার বাঁধগুলো ভেঙে বড়হাওর, আব্দুল্লাহপুরের হাওর এবং কলিমপুর হাওরের ৭ হাজার একর জমির ধান তলিয়ে গেছে ।  এছাড়াও নিকলী উপজেলার ভোলার হাওর ও রোয়া বিলে পানি ঢুকে পড়ায় ১ হাজার ২শত একর জমি তলিয়ে গেছে ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে হাওর থেকে পানি কমতে শুরু করেছে। ফলে কৃষক আগাম ফসল হানি থেকে ক্ষণিকটা রক্ষা পাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন