News71.com
 Bangladesh
 13 Apr 16, 10:22 AM
 730           
 0
 13 Apr 16, 10:22 AM

ইনুর হাতেই ‘মশাল’প্রতীক দিল ইসি ।।

ইনুর হাতেই ‘মশাল’প্রতীক দিল ইসি ।।

নিউজ ডেস্কঃ অবশেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেই মশাল প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

আজ নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেন, মশাল প্রতীক কে পাবেন, তার সুরাহা করতে সব কমিশনার বৈঠক করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হাসানুল হক ইনুকে এই প্রতীক দেন।

এর আগে শুনানির সময় কাউন্সিলের দলিলাদি এবং কাউন্সিলরদের মধ্যে কোন পক্ষের অধীনে কতজন কাউন্সিলর, সংসদ সদস্য রয়েছেন দুই পক্ষই সে তথ্য জমা দেয়। এতে দেখা গেছে, জাসদের কাউন্সিলের সময় সভাপতি পদ নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি। সে সময় সবার সমর্থনেই হাসানুল হক ইনু সভাপতি নির্বাচিত হন। তাই তার অংশটিকেই মূল জাসদ হিসেবে ধরে নিয়েছে ইসি। তবে যারা `মশাল` পাচ্ছেন না তাদের আদালতে যেতে বাধা নেই ।

গত ১২শে মার্চ জাসদের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধের জেরে প্রাক্তন সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন একটি অংশ এবং হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশ কমিটি গঠন করে।

এরপর দুই পক্ষই নিজেদের প্রকৃত জাসদ দাবি করে ইউপি নির্বাচনে নিজেদের সমির্থত চেয়ারম্যান প্রার্থীদের ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য ইসিতে চিঠি দেয়। পরে গত ৬ই এপ্রিল দুই পক্ষেরই শুনানি হয় ইসিতে। এদিকে গত রবিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে ‘মশাল’অন্য কাউকে না দেওয়ার জন্য চিঠি দেন হাসানুল হক ইনু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন