
নিউজ ডেস্কঃ রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে আনসারুল্লাহ বাংলাটিমের ২ জঙ্গিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ রাতে ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মারুফ হোসেন সরদার এ তথ্য জানান। গত মঙ্গলবার রাতে সূত্রপুর থানার ফরাশগঞ্জ এলাকা থেকে ডিবি ও কাউন্টার টেরোরিজমের (সিটি) একটি দলের সমন্বয়ে এ অভিযান চালিয়ে ঈদী আমিন ও বিএম মুজিবুর রহমান নামে দুই জঙ্গিকে গ্রেফতার করে।
গত ১৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় আনসারুল্লাহ বাংলাটিমের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ও মোহাম্মদপুর এলাকার নবোদয় হাউজিংয়ের ৬ নং রোডের ২৮ নং বাসার ৫ম তলায় নিষিদ্ধ সংগঠনটির একটি বোমা তৈরি কারখানায় অভিযান পরিচালনার সময় সংগঠনটির সদস্যদের সঙ্গে গুলি বিনিময় ও সংঘর্ষে ডিবি পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে সেখান থেকে সংগঠনের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।