News71.com
 Bangladesh
 14 Apr 16, 03:33 AM
 669           
 0
 14 Apr 16, 03:33 AM

সাতক্ষীরায় বর্ষবরণে গ্রামীণ ঐতিহ্যের ছড়াছড়ি ।।

সাতক্ষীরায় বর্ষবরণে গ্রামীণ ঐতিহ্যের ছড়াছড়ি ।।

নিউজ ডেস্কঃ বর্ষবরণ উৎসবে সাতক্ষীরায় গ্রামীণ ঐতিহ্যের ছড়াছড়ি। বাঙালির প্রাণের উৎসব বাঁধভাঙা উচ্ছ্বাস। এ যেন আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর...। অন্যবারের চেয়ে এবার বর্ষবরণে প্রাণের কথা বলতে ব্যাকুল’ সাধারণ মানুষ।

আজ সকাল ৭টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। অন্তর মম বিকশিত কর,অন্তর তর হে....এমন কামনা করে নববর্ষকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা থেকে লক্ষ কন্ঠে ভেসে আসে সেই অবিনাশী সুর। এসো হে বৈশাখ, এসো এসো...।

শোভাযাত্রাটি সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। ততক্ষণে সাতক্ষীরা শহরের প্রত্যেকটি সড়ক পরিণত হয় জনসমুদ্রে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা বর্নিল সাজে সজ্জিত হয়ে শোভা যাত্রায় অংশ নেয়। বৈশাখী সাজে নারী ও শিশুরা চুলে বেনী করে। খোপায় ফুল দিয়ে অংশ নেয়।

শোভাযাত্রায় পালকি, গরুর গাড়ি, নৌকা, হাতিসহ বিভিন্ন প্রকার প্রাচীন বাহন সকলের নজর কাড়ে। ছোট ছোট শিশুরা মুখে মুখোশ পরে। এভাবেই গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে শোভাযাত্রা পালনের পর সবাই মেতে উঠে পান্তা উৎসবে।

সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলা প্রশাসন এ বছর ইলিশ বর্জন করে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পান্তা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সদস্য মিসেস রিফাত আমিন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের আলী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ অন্যান্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন