
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় এক জমি সংক্রান্ত বিরোধে হামলা ও সদর হাসপাতালে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৬জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ও দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা সূত্র বলেন, সকালে বাঞ্চানগর এলাকায় আলী আকবর ও আবুল বাশাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আজ সকালে ওই বিরোধকৃত জমি নিয়ে উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে আবুল বাশার ও তার লোকজন আলী আকবরদের ওপর হামলা চালায়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্বপ্না বেগম, ফয়সাল আলম,আলী আকবরসহ উভয় পক্ষের ৬জন আহত হয়। পরে আহতদের মধ্যে স্বপ্না বেগম ও ফয়সালকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষন পর আবুল বাশার ও রনি হাসপাতালে ভর্তির জন্য আসলে আলী আকবরের লোকজন তাদের বাধা দেয়। এক পর্যায়ে হাসপাতালে আবুল বাসার ও রনির ওপর হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ৪জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।