
নিউজ ডেস্কঃ সদ্য মুক্তিযোদ্ধার স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনাদের উপহার দিয়ে বৈশাখ উৎযাপন করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও ছাত্ররা। নববর্ষকে ভিন্ন ধারায় বরণ করতে পহেলা বৈশাখে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ ও কলেজ ছাত্রলীগ আয়োজন করে এই অনুষ্ঠান।
সেখানে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা ও তাদের এ দেশীয় দালালদের নির্যাতনের শিকার ১৮ বীরমাতাকে সন্মননা প্রদান করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ মাঠে আয়োজিত এ সভায় অশ্রুসিক্ত নয়নে বীরমাতা রাহেলা বেগম বলেন, “স্বাধীনতার পরে এই কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের বুকে জড়িয়ে ধরে বলেছিলেন- ‘তোমরা আমার মেয়ে। বাবার কাছে সন্তানেরা যা পায় তোমরাও তাই পাবে।’
“তিনি আমাদের বাসস্থানের জন্য তৈরি করে দেন নারী পুনর্বাসন কেন্দ্র। দীর্ঘদিন আমরা জাতির পিতার সেই আদর স্নেহ থেকে বঞ্চিত হলেও তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই আদর স্নেহ আমাদের ফিরিয়ে দিয়েছেন।
“শুধু তাই নয় আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার সন্মানে অধিষ্ঠিত করেছেন।” এ প্রাপ্তিতে তারা খুশি হলেও বঙ্গবন্ধুকে হারানোর কষ্টের কথা প্রকাশ করেন তিনি।
সভায় কলেজের অধ্যক্ষ এস এম মোনোয়ার হোসেন, অধ্যাপক টি এম সোহেল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক একরামুল হোসেন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সেখ খালিদ সাইফুল্লা সাদি ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু বক্তব্য দেন। পরে উপস্থিত বীরমাতাদের বৈশাখের শাড়ি উপহার দেওয়া হয়।