
নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহীর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের প্রেমতলী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে গোগ্রাম ইউনিয়নের জগগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঘটনার সময় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণাকালে বিদ্রোহীদের ধাওয়া খেয়ে এলাকা ছাড়েন বিএনপির সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ব্যারিস্টার আমিনুল হক। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা বলেন, বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক গোগ্রাম ইউপির দল মনোনীত প্রার্থী আব্দুর রউফ দিলীপের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে জগগ্রামে যান। একই সময়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবদলের সাবেক সভাপতি হযরত আলীর স্ত্রী তার স্বামীর আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ করছিলেন।
এসময় বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হক বিদ্রোহী প্রার্থী হযরত আলীর সম্পর্কে কটূক্তি করলে হযরতের সমর্থকরা লাঠিসোটা নিয়ে ব্যারিস্টার আমিনুল হককে ঘেরাও করে। বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাকে তাড়া করেন। এক পর্যায়ে অবস্থা প্রতিকূল দেখে ব্যারিস্টার আমিনুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে রাজাবাড়িহাটের দিকে গিয়ে নিরাপদে অবস্থান নেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ১২ নেতাকর্মী আহত হন। গতকাল বিএনপির প্রার্থী আব্দুর রউফ দিলীপ ও বিদ্রোহী প্রার্থী হযরতের পক্ষে গোদাগাড়ী থানায় পরস্পরের বিরুদ্ধে দুটি অভিযোগ দেয়া হয়েছে। তবে মামলা রেকর্ডের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে গোদাগাড়ীর কাকনহাট, তানোর ও মুন্ডুমালায় বিএনপির এই বড় নেতাকে দলীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে ফিরে আসতে হয়। কোথাও কোথাও ধাওয়া খেয়ে ফিরেছিলেন তিনি।