
নিউজ ডেস্কঃ রাজধানীর বংশাল সিদ্দিক বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাহিদ হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাহিদ হোসেন নবাবপুরের গুপিমোহন বশাক লেনের মৃত মুহম্মদ আলীর ছেলে। আজ সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সাহিদের ছোট ভাই ওয়াহিদ হোসেন জানান, উত্তরায় মাসকট প্লাজার একটি কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করতেন সাহিদ হোসেন। সকালে রিকশায় ওই দোকানে যাওয়ার সময় দুজন ছিনতাইকারী সাহিদের পেটে ছুরিকাঘাত করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।