
নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে স্নান করতে নেমে জলে ডুবে দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম দিগরপানখারীর ১ নং বাঁধ এলাকায় এই ঘটনাটি ঘটেছে ।
নিহতরা হলেন- ওই এলাকার মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে নুরহান (১৪) ও আবু ছালামের ছেলে মোহাম্মদ মিরাজ উদ্দিন (১৩)। নুরহান পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল স্কুলের ৭ম শ্রেনী ও মিরাজউদ্দিন স্থানীয় নুরানী মাদ্রাসার ছাত্র।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ শুক্রবার সকালে তারা দুই বন্ধু মিলে মাঠে খেলতে যায়। এরপর খেলা শেষে মাতামুহুরী নদীতে স্নান করতে নামে। ওই সময় দুইজনই জলে তলিয়ে যায়।এসময় একই সাথে খেলা শেষে স্নান করতে যাওয়া অন্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করে। কিন্ত অনেক খোজা খুজির পরও তাদের সন্ধান মেলে না।
ঘটনার বেশ কিছুক্ষণ পর নুরহানের মৃতদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জলে তলিয়ে যাওয়া অপর ছাত্র মিরাজের মৃতদেহ উদ্ধার করেন। দুই স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।