
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কাশিয়ানী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী খোকনের প্রস্তাবক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মোল্লাকে আওয়ামী লীগের প্রার্থী মশিউর রহমানের সমর্থকরা অপমান করে।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বেলতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
এ সময় বেলতলায় বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাংচুর এবং নৌকা প্রতীকের অফিসের চেয়ার টেবিল ভাংচুরের ঘটনা ঘটে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বর্তমানে ওই ইউনিয়নের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া সাজাইল, পুইশুর, মহেশপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তাদেওর প্রচার-প্রচারনায় বাধা দিচ্ছে, মাইক ভাংচুর করছে এবং কর্মী সমর্থকদের ভয়ভিতী দেখাচ্ছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
এছাড়া মহেশপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কাজী আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার কর্মীরা তাদের প্রচার-প্রচারনায় বাধা দিচ্ছে, প্রচার মাইক ভাংচুর করেছে ও পোষ্টার ছিড়ে ফেলেছে এবং তার কর্মী সমর্থকদের ভয়ভিতী দেখাচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ করে কোন সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান কাশিয়ানি ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে আইনগত ব্যাবস্থার জন্য থানায় প্রেরণ করা হয়েছে। এছাড়া আরো কয়েকটি ইউনিয়ন থেকে লিখিত অভিযোগ পেয়েছি। সে বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে।