
নিউজ ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ সারাদেশের অনেক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ও ময়মনসিংহ অঞ্চলসহ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু' এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এদিকে টানা কয়েক দিনের ব্যপক গরমে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা , যেখানে এক ফোঁটা বৃষ্টি এনে দিতে পারে স্বস্তির নিঃশ্বাস।