
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে মুক্তচিন্তার নামে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, বিকৃত ও নোংরা রুচির পরিচয়। কেউ যদি আমার ধর্ম নিয়ে বিকৃত লেখা লেখে তা বরদাশত করবো না। বিকৃত নোংরা লেখা কোনো ধর্ম পালন নয়। আর ধর্মের নামে মানুষ হত্যাও কোনো সমাধান নয়। বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মের বিরুদ্ধে কেউ কিছু লিখলেই তারা মুক্তচিন্তার হয়ে গেল। এটা একটা ফ্যাশনে দাঁড়িয়ে গেছে, আমি তো এখানে মুক্তচিন্তা দেখি না। আর একজন লিখল আরেকজন খুন করে ফেলল, এটা তো ইসলাম বলেনি। ধর্মের বিরুদ্ধে লেখা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যাকে আমি নবী মানি, তার সম্পর্কে কেউ যদি নোংরা কথা লেখে, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। তেমনি অন্য ধর্মের যারা আছেন, তাদের সম্পর্কে কেউ যদি লেখে, এটাও কখনো গ্রহণযোগ্য হবে না। আশা করি, এই ধরনের লেখা কেউ লিখবেন না। তিনি বলেন, আমি একজন মুসলমান হিসেবে প্রতিনিয়ত ধর্মীয় অনুশাসন মেনে চলি। সেখানে কেউ যদি লেখে, তাতে আমার নিজেরও কষ্ট হয়। আর এ লেখার জন্য কোনো অঘটন ঘটলে সেই দোষ সরকারের ওপর আসবে কেন?
ধর্মের অবমাননাকারীদের সতর্ক করে তিনি বলেন, নবী করিম (স.) তো বলেই গেছেন যে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আর এই যে বাড়াবাড়ি করতে গিয়ে নানা ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, থ্রেট করা, বোমা মেরে মানুষ হত্যা করা বা মানুষের জীবনের ওপর হুমকি দেওয়া- এটা ধর্মের কোথায় বলা আছে । যারা এ ধরনের হুমকি দেয় তারাই তো আমাদের ধর্মকে অবমাননা করে, ধর্মের বদনাম করে। তিনি বলেন, সবাইকে সংযম ও শালীনতা বজায় রেখে চলতে হবে। কেউ অসভ্যতা করবেন না। অসভ্যতা করলে তার দায়িত্ব আমরা নেব না। ধর্মের নামে মানুষ হত্যার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, একজন লিখল, আরেকজন খুন করে সেটার প্রতিশোধ নিল। এটা তো ইসলাম ধর্ম বলেনি। মানুষ খুন করার মধ্যে কোনো সমাধান নেই। এ বিচার করবেন আল্লাহ। আল্লাহর ওপর কি তাদের ভরসা নাই! আল্লাহর ওপর যাদের ভরসা নেই, তারাই এসব খুন-খারাবি করে। কারণ তারা আল্লাহ-রাসুল মানে না।
সবাইকে ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকা একটি বিরাট বিষয়। এছাড়া উন্নয়ন সম্ভব নয়। পহেলা বৈশাখ উদযাপনে কোনো বাধা নিষেধ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি বুঝি না কেউ কেউ কেন পহেলা বৈশাখ উদযাপনে বাধা সৃষ্টির চেষ্টা করে। তারা আদৌও কোনো ধর্মের অনুসারী কি না আমার সন্দেহ রয়েছে। নিরাপত্তার জন্যই বিকাল পাঁচটার মধ্যে বর্ষবরণ অনুষ্ঠান শেষ করার তাগিদ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সরকার সব সময় সচেতন। একটা নিরাপত্তাবলয় সৃষ্টির জন্য আমরা কিছু অনুশাসন দিই। সে জন্যই সন্ধ্যার আগে প্রকাশ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। তিনি বলেন, আজকে শুধু বাংলাদেশ নয়, ইউরোপের দেশগুলোতে প্যারিসে, বেলজিয়ামে বোমা হামলা হয়েছে। আমেরিকায় স্কুলে ঢুকে মানুষকে মেরে ফেলা হচ্ছে। এ রকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এই নিরাপত্তা কতটা দিতে পারব, সে বিষয়ে সরকারের কিছু নির্দেশনা যাবে। সবাইকে সেটা মেনে চলতে হবে। শেখ হাসিনা বলেন, নির্দেশনায় অনেকে ক্ষোভ প্রকাশ করলেন। যিনি ক্ষোভ প্রকাশ করলেন, তাকে আমি বলতে চাই- যদি কোনো অঘটন ঘটে তার দায়দায়িত্ব কে নেবে? তিনি নেবেন? যদি ঘটে তাহলে তাকেই দায়িত্ব নিতে হবে।
দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রধানমন্ত্রী বলেন, সব জাতি-ধর্মের মানুষকে নিয়ে বর্ষবরণের যে উৎসব, তা বাংলাদেশে সর্বজনীন রূপ পেয়েছে। বছরটা সুন্দরভাবে শুরু হয়েছে, এটা যেন অব্যাহত থাকে। অনুষ্ঠানের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, শেখ ফজলুল করিম সেলিমসহ দলের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীকে বাংলা নববর্ষ ১৪২৩-এর শুভেচ্ছা জানান। এ সময় সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন ।