News71.com
 Bangladesh
 16 Apr 16, 11:25 AM
 795           
 0
 16 Apr 16, 11:25 AM

ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ ।।

ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ ।।

নিউজ ডেস্কঃ ২০১৬ সালের ১৩ এপ্রিল। আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কিন্তু এবার মিয়ানমারের মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে। পর পর কয়েক দফা শক্তিশালি ভূমিকম্পে কেপে ওঠেছে ভারত, নেপাল, পাকিস্তানসহ মিয়ানমার। যার ধাক্কা ভালো ভাবেই লেগেছিলো বাংলাদেশে। আঘাত হানা ভূমিকম্পে কেপে ওঠে বাংলাদেশও। তাই প্রতিবেশি দেশগুলোর ভূমিকম্পের আঘাত বাংলাদেশেও ঝুঁকি বাড়ছে।

১৩ এপ্রিলের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাউলাইক শহরের ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২ বললেও যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ এখন বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। ৭ দশমিক বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তাদের। বিশেষজ্ঞরা মনে করছেন, অপরিকল্পিত নগরায়ন ও নিয়ম না মেনে ভবন নির্মাণসহ বেশকিছু কারনে এই ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে। ফলে বড় ক্ষতির আশংকাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পলিমাটির দেশ নামে খ্যাত এই বাংলাদেশের অবস্থান এমনই তিনটি প্লেটের সংযোগস্থলে, যার মধ্যে ভারত অংশের প্লেট ছাড়াও উত্তরে ইউরেশিয়ান প্লেট আর পূর্বে রয়েছে বার্মা প্লেট। ভারত ও বার্মা প্লেটের সংযোগস্থলটা আবার বাংলাদেশের অভ্যন্তর দিয়ে গেছে। তাই ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ রয়েছে ভূ-কম্পের মারাত্মক ঝুঁকিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অবজারভেটরি’র পরিচালক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘প্লেট টেকটনিক যে কাঠামো রয়েছে এইটাই বলে দিচ্ছে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা এবং ঝুঁকির মধ্যে রয়েছে।’

অন্যদিকে, নগরায়ণের প্রভাবে ক্রমেই বাড়ছে রাজধানী ঢাকার আয়তন, বাড়ছে জনবসতি। বিল্ডিং কোড না মেনে আবার কখনও অনুমতির তোয়াক্কা না করে কংক্রিটের অট্টালিকা উঠছে আকাশ মুখে। প্রশ্ন হচ্ছে, নেপালের মতো ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প যদি ঢাকার আশেপাশেও আঘাত হানে তাহলে কী হবে এই মেগা সিটির?

বুয়েটের গবেষকদের ভূমিকম্প ঝুঁকির মানচিত্রে দেখা যায়, বাংলাদেশের ৪৩ শতাংশ এলাকা ভূমিকম্পের উচ্চমাত্রার ঝুঁকিতে (জোন-১), ৪১ শতাংশ এলাকা মধ্যম (জোন-২) ও ১৬ শতাংশ এলাকা নিম্ন ঝুঁকিতে (জোন-৩) রয়েছে।

জোন-১ এর মধ্যে রয়েছে পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়ার সম্পূর্ণ অংশ, এবং ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের অংশবিশেষ। রাজশাহী, নাটোর, মাগুরা, মেহেরপুর, কুমিল্লা, ফেনী ও ঢাকা রয়েছে জোন-২ এ অধীনে। জোন-৩ এর মধ্যে রয়েছে বরিশাল, পটুয়াখালী, এবং সব দ্বীপ ও চর। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঝুঁকি কমাতে পরিকল্পিত ভবন নির্মাণের বিকল্প নেই। সেজন্য এগিয়ে আসতে হবে সবাইকে।

বাংলাদেশ আর্থ কোয়াক সোসাইটি’র সাবেক সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এই ধরনের ভূমিকম্প বাংলাদেশে হলে এক লাখের মতো লোক প্রাণ হারাতে পারে। আর ঢাকার কাছাকাছি হলে ঢাকা একটা বিধ্বস্ত মহানগরীতে পরিণত হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন