News71.com
 Bangladesh
 13 Jul 17, 10:40 AM
 166           
 0
 13 Jul 17, 10:40 AM

নারায়ণগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ ।।

নারায়ণগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ ।।

নিউজ ডেস্কঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ও মহানগর ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। এ সময় শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ এসে দুই গ্রুপকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ও সংঘর্ষে লিপ্ত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে।জানা গেছে, মহানগর বিএনপির উদ্যোগে মিশনপাড়া হোসেয়ারি সমিতির ভবনে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শাজাহান। হোসেয়ারি ভবনের ভেতরে মোহাম্মদ শাজাহানের সামনেই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক আবুল কাউসার আশা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়।উপস্থিত নেতাকর্মীদের মধ্যস্থতায় তা সমাধান করা হয়। অনুষ্ঠান শেষে রাজিব ও আশা গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া।এ সময় হামলায় ছাত্রদল নেতা আসাদসহ কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দুই গ্রুপকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পুলিশের সামনেই ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।ছাত্রদল নেতারা লাঠিসোঁটা হাতে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়।

পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে লাঠিচার্জ করে ছাত্রদল নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব জানান, বিএনপি নেতা শাজাহান হোসেন সদস্য সংগ্রহ ফরম বিতরণকালে ছাত্রদল নেতা আসাদসহ কয়েকজন ছাত্রদল কর্মী তাকে প্রটোকল দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।এ সময় আবুল কাউসার আশাসহ তার লোকজন ছাত্রদল নেতা আসাদকে মারধর করার জন্য তেড়ে আসেন।এ বিষয়টি পরবর্তীতে আমার হস্তক্ষেপে সমাধান করা হয়।পরে ছাত্রদল নেতা আসাদসহ কয়েকজন ছাত্রদল কর্মী বাড়ি ফেরার পথে আবুল কাউসার আশাসহ তার সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে আসাদকে গুরুতর আহত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন