
নিউজ ডেস্কঃ জেলায় ৩৫ হাজার ৬৫১টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গত অর্থবছর (২০১৬-১৭) জেলার প্রত্যন্ত অঞ্চলের এসব বাড়ি-ঘর আলোকিত করা হয়। আর এর জন্য বিদ্যুতের লাইন নির্মাণ করা হয়েছে মোট ৮০৬ দশমিক ৯১ কিলোমিটার। ব্যয় হয়েছে ৮০ কোটি ৭০ লাখ টাকা। জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র আজ বৃহস্পতিবার এ তথ্য জানায়। সূত্র জানায়,এই জেলায় ২০১৮ সালের মধ্যে প্রত্যেক ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। ফলে বিগত অর্থবছরে জেলায় পল্লী অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে ব্যাপক বিদ্যুতায়ন করা হয়েছে।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. কেফায়েত উল্লাহ জানান,সমগ্র জেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে একটি মহা পরিকল্পনার মাধ্যমে কাজ করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দৌলতখান উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সদরসহ অন্যান্য উপজেলাকেও শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। এখানে ব্যাপক বিদ্যুতায়নের ফলে শহর ও গ্রামের ব্যবধান কমছে ও মানুষের জীবনমান উন্নত হচ্ছে।