
নিউজ ডেস্কঃ ভারতীয় দর্শকদের বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা এই বিষয়ে আগ্রহী হচ্ছে না। বিষয়টি ভারতীয় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উত্থাপন করা হয়েছে। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর টিভি চ্যানেলগুলো যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায় সে লক্ষ্যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সরকারী দলের সদস্য সুবিদ আলী ভূঁইয়ার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে দুরদর্শনের একটি চ্যানেলে ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে। সে অনুযায়ী দুরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। হাসানুল হক ইনু জানান, হংকং ভিত্তিক এএসআইএ স্যাট-৭ স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। দেশগুলোর মধ্যে ভারত, চীন, ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলংকা, পাকিস্তান, বাহরাইন, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, ইয়ামেন, ওমান, লেবানন, জর্ডান, ইসরাইল, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, পূর্ব তিমুর, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, আরমেনিয়া, গ্রীস, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, আফগানিস্তান, কম্বডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তুরস্ক, আজারবাইজান, কিরগিজিস্তান, জর্জিয়া, লাওস, সিরিয়া, তাইওয়ান, তুর্কিমেনিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
তথ্যমন্ত্রী বলেন,পৃথিবীর বিভিন্ন দেশে কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডাতে টোটাল ক্যাবল ইউএসএ কর্তৃক আইপিটিভির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে আসছিল। টোটাল ক্যাবল,ইউএসএর সাথে সম্পাদিত চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চুক্তি নবায়নের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ওয়েব টিভির মাধ্যমে সারা বিশ্ব থেকেই বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড দেখা যায়। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর বেশ কয়েকটি আইপিটিভি ও ওয়েব টিভির মাধ্যমে বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে।