
নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গতকাল রাতে আবারও গ্রেফতার করেছে পুলিশ। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেছেন, আজ শনিবার দিনের যেকোনো সময় তাকে আদালতে প্ররণ করা হতে পারে।
ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, গতকাল রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতার একটি মামলায় মান্নানকে ফের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এছাড়া শুক্রবার রাত ৯টার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হয়েছে।
তবে কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীর খান বলেন, বিকালে মেয়র এমএ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একাধিক অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হয়ে কালিয়াকৈরের চা বাগান-মৌচাক সড়ক দিয়ে ঢাকার বাসায় ফিরছিলেন। সে সময় গাজীপুর গোয়েন্দা পুলিশের একদল সদস্য রাত ৮টার দিকে কালিয়াকৈরের ভান্নারা বাজার এলাকায় মেয়র মান্নানের গাড়ির গতিরোধ করে আটক করে।’
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদালত থেকে জামিন পান মেয়র মান্নান। তিনি সর্বমোট ২২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।
উল্লেখ্য, গত বছর ৪ঠা ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলায় ১১ই ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার ডিওএসএইচ (বারিধারা) বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি গ্রেফতার হওয়ার পর ৮ই মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ওই বছরের আগস্টে মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
মেয়র মান্নানের স্বজন সুমন পালোয়ান বলেন, অধ্যাপক এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ গত সোমবার ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
পরে বুধবার রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন। ইতোমধ্যে দুইটি মামলায় মেয়র মান্নানের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ ।