
নিউজ ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআব্দা, লাখাই উপজেলার বুল্লা ও ভাদিকারা গ্রামে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের কৃষক আবিদ আলী (২২), লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের রমজান আলী (৩৮) ও একই উপজেলার ভাদিকারা গ্রামের শফিকুল আলম (৩০)। নিহতদের মধ্যে রমজান আলী লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন যুবলীগ সভাপতি।আজ বেলা দেড়টায় তাদের মৃত্যুর ঘটনা ঘটেছ।
স্থানীয় সূত্রে জানা যায়- আজ দুপুর ১২টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি ও তীব্র কম্পনে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।এ সময় রমজান আলী বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমজান আলী বুল্লা গ্রামের বায়েত উল্লাহর ছেলে।
একই সময় দিনমজুর শফিকুল ইসলাম গ্রামের কাছে মাটি কাটছিলেন। ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে কৃষক আবিদ আলী স্থানীয় গুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটছিলেন। তখন বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এবং হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।