News71.com
 Bangladesh
 16 Apr 16, 07:01 AM
 678           
 0
 16 Apr 16, 07:01 AM

দেশের মানুষের মাথাপিছু আয় হবে ৩ হাজার ডলার ।।  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

দেশের মানুষের মাথাপিছু আয় হবে ৩ হাজার ডলার ।।  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ স্বপ্নের পদ্মাসেতু ও পায়রা সমুদ্রবন্দর নির্মিত হলে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ৩ হাজার ডলারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ দুপুরে ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিলো। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত যে সরকার যেভাবেই ক্ষমতায় ছিলো তারা ২৬ লক্ষ টন খাদ্য ঘাটতি রেখে গেছে। ২০০৯ সালে পুনরায় আওয়ামিলীগ ক্ষমতায় আসার পরে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে ২০১৫ সালে ৫০ হাজার মেট্রিক টন চাল শ্রীলঙ্কায় রফতানি করেছে। এ সরকার কৃষকদের উন্নতির জন্য সার ও কীটনাশকে ভর্তুকি এবং জনবসতি এলাকায় লোড শেডিং দিয়ে কৃষকদের সেচ ব্যবস্থা চালু করেছে। এ জন্যই ঝালকাঠি থেকে সরকারের চাহিদার চেয়ে বেশি চাল সরবরাহ করা হয়।

তিনি বলেন, দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ায় নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের কাজ হাতে নিয়েছে সরকার। পদ্মাসেতু ও পায়রা বন্দর নির্মিত হলে এ দেশের মানুষের মাথাপিছু গড় আয় হবে ৩ হাজার ডলার। আর সরকারের নেয়া প্রকল্পসমূহ বাস্তবায়ন হলে আগামী ২০১৯ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পদার্পণ করবে।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামিলীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ আবু বকর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জাতীয় শ্রমিকলীগ জেলা কমিটির আহ্বায়ক ও জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোবারেক হোসেন মল্লিক প্রমুখ।

উল্লেখ্য, এ সময় সদর উপজেলার ৯’শ ৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী আউশ, ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে ড্যাব, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে নেরিকা আউশ বীজ বিতরণ করা হয়। এর আগে সকাল ১০টায় নলছিটি উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য শিল্পমন্ত্র আমির হোসেন আমু ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন