
নিউজ ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতায় জুয়েল মল্লিক (৩০) নামের গুলিবিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান কুদ্দুস মল্লিক ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান সোহরাব খানের গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের ৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। আহত অবস্থায় চিকিৎসাধীন গুলিবিদ্ধ জুয়েল মল্লিক (৩০) আজ বিকালে ঢাকার নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
জুয়েল মোস্তাপুর ইউনিয়নের সোনা মল্লিকের ছেলে। নিহতের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিকাল ৫টার দিকে দুই গ্রুপ আবার মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বোমাবাজি ও গোলাগুলির ঘটনা ঘটে।
মাদারীপুরের এএসপি (সার্কেল) মনিরুজ্জামান ফকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।