
নিউজ ডেস্কঃ গ্রীষ্মের শুরুতেই রাজধানীতে জল সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও। গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে জল সঙ্কটে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে এরই মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হলে জল নেই তাই ট্যাবের ফোটা ফোটা জল দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থী। কেউ কেউ এদিক ওদিক ঘুরছিলেন প্রয়োজনীয় জলের জন্য।ঠিক একই চিত্র সূর্যসেন হল, বঙ্গবন্ধু হল এবং জিয়া হলে। খাবার জল কিনে খাওয়াসহ তীব্র গরমে জল সংকটে সৃষ্ট নানা সমস্যার কথা বললেন ছাত্ররা।
জল সঙ্কট সমস্যার কথা স্বীকার করে সমাধানে দ্রুত কাজ চলছে বলে জানালেন হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট ড. মো. নিজামুল হক ভূইয়া। দুর্ভোগের কথা মাথায় রেখে দ্রুত জল সঙ্কট সমস্যার সমাধান করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের ।