
নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর গোপন সফর নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। তিনি গোপনে রংপুর অঞ্চল সফর করেছেন বলে শোনা যাচ্ছে । গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিমানে ঢাকা ফেরার পথে আল্লামা শফীকে বিমানযাত্রীরা দেখতে পান । বিষয়টি নিয়ে আলোচনা হলে সেখানকার গোয়েন্দা সংস্থার নজরে আসে। এরপর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো গাঁ ঝাড়া দিয়ে বসে।
আল্লামা শফী রংপুর বিভাগের কোন অঞ্চল বা জেলায় কী উদ্দেশে সফর করেছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে পহেলা বৈশাখের আগে তার এই গোপন সফর নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে ।
সংশ্লিষ্ট সূত্রে বলছে, আল্লামা শফী পহেলা বৈশাখের আগের দিন বুধবার বিকালে সড়ক পথে বগুড়ায় আসেন। সেখানে তিনি চক লোকমানপুরের একটি কওমী মাদ্রাসায় দুদিন অবস্থান করে ফের সড়ক পথে শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে যান। সৈয়দপুরের কাজীরহাট জামিয়াতুল আরাবিয়া কওমী মাদ্রাসায় কিছুক্ষণ অবস্থান করে বিমানযোগে চট্টগ্রাম ফিরে যান।
আল্লামা শফীর এই সফরের সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম। তবে তিনি এই সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি ।