News71.com
 Bangladesh
 17 Apr 16, 01:48 AM
 620           
 0
 17 Apr 16, 01:48 AM

পরীক্ষা না দিতে পারায় স্কুলছাত্রীর আত্মহত্যা: ২ শিক্ষক আটক ।।

পরীক্ষা না দিতে পারায় স্কুলছাত্রীর আত্মহত্যা: ২ শিক্ষক আটক ।।

নিউজ ডেস্কঃ পরীক্ষা না দিতে পারার অপমান সইতে না পেরে সাভারে স্কুলছাত্রীর আত্মহত্যায় চাইল্ড হ্যাভেন নামে স্কুলটির দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্কুলটির প্রধান শিক্ষক কাবুল মিয়া পলাতক রয়েছেন। আটক শিক্ষকরা হলেন- মো. শাকিল ও আবু রায়হান। তারা চাইল্ড হ্যাভেন স্কুলের বাণিজ্যিক শাখার শিক্ষক। আজ সকালে ওই শিক্ষকদের আটক করা হয়।

গত শনিবার বিকালে চাইল্ড হ্যাভেন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সোনালী আক্তার সোনিয়াকে বকেয়া বেতনের জন্য পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ। এ অপমান সইতে না পেরে বাড়িতে এসে সে সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় আজ সকালে নিহতের মা বাদী হয়ে সুলতারা বেগম চাইল্ড হ্যাভেন স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্ত কাবুল মিয়াকে মূল আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, মামলা দায়েরের পরপরই স্কুলটির দুই শিক্ষককে আটক করি। তবে মামলার মূল আসামি স্কুলটির প্রধান শিক্ষক কাবুল মিয়া পলাতক রয়েছেন।

নিহত সোনিয়ার সহপাঠীরা ও প্রতিবেশীরা জানায়, পড়াশোনার প্রবল ইচ্ছায় গার্মেন্টের চাকরি ছেড়ে আবারো স্কুলে ভর্তি হয়েছিল সোনিয়া। সোনিয়ার চার মাসের বেতন বকেয়া ছিল। তাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তা পরিশোধ করতে পারেনি সে। তবু পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক কষ্টে পাঁচশ টাকা পরিশোধ করে সে। কিন্তু গত শনিবার পরীক্ষা দিতে এলে প্রধান শিক্ষক সোনিয়াকে পুরো বকেয়া টাকার পরিশোধের জন্য অপমান করেন। এসময় পরীক্ষা দেওয়ার জন্য অনেক কষ্টে পাঁচশ টাকা পরিশোধ করেছিল সে। কিন্তু পুরো টাকা পরিশোধ না করলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না বলে জানান প্রধান শিক্ষক কাবুল মিয়া। পরে সোনিয়ার মা স্যারকে এবারের মত পরীক্ষায় অংশ নিতে দেওয়ার জন্য অনেক আকুতি করেও কোনো ফল পাননি। পরে সোনিয়াকে পরীক্ষায় অংশ নিতে না দিয়ে স্কুল থেকে বের করে দেন প্রধান শিক্ষক।

এ ঘটনার পর কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়ে যায় সোনিয়া ও তার মা। পরে বিকালে সোনিয়া সকলের সামনে শিক্ষকের এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে খবর আসে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনার পর থেকে চাইল্ড হ্যাভেন নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন