
নিউজ ডেস্কঃ রাজস্ব খাতে আয়কর প্রবৃদ্ধি গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে বলে দাবি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ হাজার কোটি টাকা কম হবে ।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা ‘আগামী বাজেটের জন্য সুপারিশ' শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি এসব তথ্য জানিয়েছে ।
সংবাদ সম্মেলনে লিখিত সুপারিশ উপস্থাপন করেন অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। আগামী অর্থবছরে বাজেটের সম্ভাব্য যে আকার বলা হচ্ছে, সেটিকে বড় করে দেখছে না সিপিডি। তাদের মতে, আমাদের সামগ্রিক অর্থনীতির যে আকার, তার তুলনায় বাজেটের আকার খুব বড় কিছু নয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন বাজেট দেওয়া হয়, সেখানে কিছু অর্জনের প্রাক্কলন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, আগের বছরের বাস্তবায়নের হারের সঙ্গে সংগতিপূর্ণ হয় না। তাই বাজেট করা উচিত বাস্তবায়নের সক্ষমতার নিরিখে। অর্থনীতির সমন্বয় বৃদ্ধি ও আর্থিক খাতে নানান ঘটনার মধ্যে দেখা যায়, অর্থনীতির নেতৃত্ব ও সমন্বয়ের ক্ষেত্রে একধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজ করছে।
দেশ থেকে অর্থ বাইরে চলে যাচ্ছে। সেটি রোধ করতে হলে আয় ও সম্পত্তি দুটোই আইনি কাঠামোর মধ্যে আনতে হবে। এ জন্য অর্থনীতির খাতে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে আর্থিক খাতের সংস্কারের জন্য একাধিক কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে ।
উল্লেখ্য, রাজস্ব আদায়ের তিনটি খাত রয়েছে। এগুলো হলো- আয়কর, মূল্য সংযোজক কর (ভ্যাট) এবং কাস্টমস শুল্ক ।