
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুপেয় জল নিশ্চিতকল্পে পুকুর খনন করে প্রতিটি গ্রামে একটি করে জলাধার সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রকল্প গ্রহণ করছে ।
আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাভুক্ত দফতর ও সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ভূ-গর্ভস্থ জল ব্যবহারের ফলে জলের স্তর প্রতিনিয়ত নীচে নেমে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে পুকুর খনন করে ভূ-উপরিস্থ পানি যথাযথভাবে কাজে লাগানো হবে।
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম ও বিভিন্ন সংস্থা ও দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
মন্ত্রী রাজধানীসহ সকল এলাকার সুপেয় জল সরবরাহ নিশ্চিত করতে এবং বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সভায় উভয় বিভাগের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম এবং অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।