
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে উত্তরা ব্যাংকের ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এফ এস অ্যাপারেলস নামের একটি গার্মেন্টসের ডিএমডি সিরাজুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুর দেড়টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে সিরাজুল হককে গ্রেপ্তার করা হয় ।
দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া বলেন, নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত এফ এস অ্যাপারেলস গার্মেন্টস এর ডিএমডি সিরাজুল হক গত ২০০৩ সালে শিপম্যান্ট এর নাম করে উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ১ কোটি ৬৩ লক্ষ টাকা উত্তোলন করে। পরে তিনি শিপম্যান্ট না করেই টাকাগুলো আত্মসাৎ করে পালিয়ে যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ২০০৩ সালের ২০ অক্টোবর নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম।
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা মানিক লাল দাশের সহযোগীতায় আগ্রাবাদ এলাকা থেকে সিরাজুল হককে গ্রেপ্তার করে দুদক কর্মকর্তারা। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি সিরাজুল হককে আদালতে প্রেরণ করা হয়েছে বলেছেন দুদক চট্টগ্রামের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া ।