
নিউজ ডেস্কঃ বাগমারায় জহির উদ্দিন (৫২) নামে এক কাপড় ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।গত রোববার রাতে আত্মহত্যার এ ঘটনা ঘটেছে । জহির উদ্দিন রাজশাহী বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্য্যপাড়া মহল্লার কাপড় ব্যবসায়ী মৃত বাজারু মোল্লার ছেলে। তিন বউ আর চার সন্তানের সংসারে অভাব আর অশান্তিতে চরম হতাশ হয়ে পড়েছিলেন তিনি। শেষ অবধি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জহির উদ্দিনের তিন স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। ব্র্যাক গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণের টাকা নিয়ে ভবানীগঞ্জ বাজারের হাইস্কুল মার্কেটের সামনে ফুটপাতে কাপড়ের ব্যবসা করছিলেন তিনি। তবে অভাবের কারণে তার তিন স্ত্রী ও ছেলে-মেয়ের সংসারে প্রায়ই লেগে থাকতো ঝগড়া-বিবাদ।
প্রতিদিনের মতো গত শনিবার বাজার থেকে বাড়ি ফিরে রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে প্রতিবেশীরা তার ঝুলন্ত লাশ দেখে বাসায় খবর দেয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় বাগমারা থানায় একটি ইউডি মামলা হয়েছে।