News71.com
 Bangladesh
 18 Apr 16, 06:41 AM
 659           
 0
 18 Apr 16, 06:41 AM

বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি সংরক্ষণের প্রস্তাব মন্ত্রিসভায় ।।

বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি সংরক্ষণের প্রস্তাব মন্ত্রিসভায় ।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়িকে আগের অবয়বে ফিরিয়ে নিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষে স্থপতি আবু সাঈদ এম আহমেদ এই প্রস্তাব উপস্থাপন করেন।

পরে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিকদের বলেন, প্রায় দেড়শ বছরের ‍পুরনো এই বাড়িতে নানা সময়ে নানা পরিবর্তন আনা হয়েছে। বঙ্গবন্ধুর সময়েও সংস্কার হয়েছে।

“বাড়িটি আমাদের ঐতিহ্যের অংশ। পাঁচ-ছয় বছর আগে প্রধানমন্ত্রীকে না জানিয়েছেই সেখানে কিছু রেনোভেশন করা হয়। তখন রেস্টোরেশনের পদ্ধতি অনুসরণ করা হয়নি। যেমন যেখানে চুন সুরকি ছিল, সেখানে প্লাস্টার করে দেওয়া হয়েছে... রঙ করে দিয়েছে।

“এ ধরনের পুরনো বাড়ি সংরক্ষণের ক্ষেত্রে মূল বৈশিষ্ট্য বজায় রেখে তা মজবুত করতে হবে,” বলেন মন্ত্রী।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেয়। ২০০১ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিসৌধের উদ্বোধন করেন।

সমাধিসৌধের কাছেই বঙ্গবন্ধুর পৈত্রিক ভিটা সম্পর্কে বলতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী নূর বলেন, “ওই অঞ্চলে তখন চুন সুরকিতে তৈরি এ ধরনের বাড়িকে নোনা থেকে রক্ষা করতে সুপার ও গাবের রস ব্যবহার করা হতো। তখনকার ইটের আকারও ছিল ভিন্ন। ওই ধরনের ইট এখন আর হয় না।”

সোনারগাঁয়ের সরদার বাড়ি ‘রেস্টোরেশন’ এর কথা স্মরণ করে তিনি বলেন,  “তখন আমরা সঠিক আকারের ইটও বানিয়েছি। স্থপতি আবু সাঈদ এম আহমেদই সেখানে নেতৃত্ব দিয়েছেন। তার সঙ্গে একটি দল কাজ করে। ওই দলে রাজশাহী অঞ্চলের কুমার রয়েছে, যারা ওই ধরনের ইট তৈরিতে পারদর্শী।”

নূর বলেন, বঙ্গবন্ধুর সময় পর্যন্ত ওই বাড়ি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে ছিল। সব দিক খেয়াল রেখে তিনটি বিকল্প রাখা হয়েছে মন্ত্রিসভায় তোলা প্রস্তাবে।“সাঈদ আহমেদের প্রেজেন্টেশন ছাড়াও আমরা বিস্তারিত প্রস্তাব প্রধানমন্ত্রীকে দিয়েছি। উনি বিষয়টি দেখবেন, সিদ্ধান্ত দেবেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন