
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাগলা কুকুরের কামড়ে নিরাপত্তাকর্মীসহ ২৫ জন আহত হয়েছে। আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বেশ কয়েক দল কুকুর ক্যাম্পাসে তান্ডব চালায়। এ সময় তারা আহত হন। আহতদেরকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা বলেন, ক্যাম্পাসে প্রবেশ করার সময় অনাকাঙ্খিতভাবে কুকুরগুলো এলোপাথাড়ি কামড়াতে থাকে। জিরো পয়েন্টে, আলাওল হলের সামনে, এফ রহমান হলের মাঠে, আব্দুর রব হলের মাঠে ও শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা কুকুরের কামড়ের শিকার হন।
এছাড়াও নিরাপত্তা কর্মীরা কুকুরের হামলা প্রতিহত করতে গেলে তারাও হামলার শিকার হন। ক্যাম্পাসের সর্বত্র এখন কুকুরের আতংক বিরাজ করছে। নিরাপত্তা কর্মীরা গুলি করে দুটি কুকুরকে হত্যা করেছে।