
নিউজ ডেস্কঃ শাহজাদপুর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে তেল ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ দুপুরে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নুকালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। অপরদিকে এ ঘটনার প্রতিবাদে নগরবাড়ী-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখেন তেল ব্যবসায়ীরা। পরে পুলিশ গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, স্থানীয় তেল ব্যবসায়ী শাহিনের ম্যানেজার আইয়ুব আলী ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন।
পথে নুকালী এলাকায় যাওয়ার ৫/৭ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। দুর্বৃত্তরা ম্যানেজার আইয়ুব আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করলে মোটরসাইকেল উল্টে তিনি খাদে পড়ে যান। এ সময় তার কাছে থাকা ব্যাগভর্তি ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ব্যবসায়ীর ম্যানেজারকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে তিনি।