News71.com
 Bangladesh
 19 Apr 16, 12:14 PM
 634           
 0
 19 Apr 16, 12:14 PM

জামালপুরের ৮ রাজাকারের আইওর সাক্ষ্য গ্রহণ ২৪শে এপ্রিল ।।

জামালপুরের ৮ রাজাকারের আইওর সাক্ষ্য গ্রহণ ২৪শে এপ্রিল ।।

নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের ৮ রাজাকারের তদন্ত কর্মকর্তা (আইও) মতিউর রহমানের জবানবন্দি গ্রহণের জন্য আগামী ২৪শে এপ্রিল দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী এই দিন ঠিক করেন।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, প্রসিকিউটর তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। মামলার ৮ আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুল আলম ও এসএম ইউসুফ আলী কারাগারে রয়েছেন।  পলাতক অন্য ৬ জন হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম।

আজ মামলার তদন্ত কর্মকর্তা (আইওর) জবানবন্দি গ্রহণের জন্য তারিখ নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে পেছানো হয়। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আরো একজন সাক্ষীর জবানবন্দি পেশ করা হবে মর্মে আদালতে সময়ের আবেদন করেন। আবেদনের শুনানি করে এই সময় দেন আদালত ।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতনসহ ৫ ধরনের অপরাধের অভিযোগে বিচার চলছে।   তার আগে পালতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও তারা আদালতে হাজির হননি। পুলিশ তাদেরকে পালাতক দেখিয়েছে। তাদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম চলছে।

গত বছরের ২৯শে এপ্রিল এ ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। গত ২২শে জুলাই পলাতক জামালপুরের ৬ রাজাকারকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

গত ১৯শে এপ্রিল এ ৮ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ২৫ মার্চ আট জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হয়। 

একই বছরের ২৪শে মার্চ ৮ জনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ৯২ পৃষ্ঠার মূল তদন্ত প্রতিবেদনসহ ৫৯৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাক্ষ্য-প্রমাণ, দলিল ও ডকুমেন্টস রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মতিউর রহমান। মামলায় ২০১৩ সালের ৬ জুনে তদন্ত কাজ শুরু করে ২৪ মার্চ শেষ করেন। এতে মোট ৪০ জন সাক্ষী রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন