
নিউজ ডেস্কঃ বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে শফিক রেহমানসহ বিএনপি নেতার পুত্র, জাসাস নেতা সংশ্লিষ্ট থাকার ঘটনা প্রমাণিত করেছে যে বিএনপি এখন কেবলমাত্র দেশের ভেতরেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়, তারা এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত।
আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ অভিযোগ করেন।
তিনি বলেন, যেসব বিদেশি বন্ধুরা খালেদা জিয়া ও দলটির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন তাদের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে বিএনপিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উৎসাহ দেবেন না।
‘সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের গোড়া আরও গভীরে। শীর্ষ জায়গা সিগন্যাল ছাড়া এ ষড়যন্ত্র হয়নি। আশা করি ভবিষ্যতে এ ষড়যন্ত্রের মূল হোতাদের নাম বেরিয়ে আসবে।’
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে সভায় ফজলুল হক, জাহাঙ্গীর খন্দকার, আবু হানিফ, এম এ করিম প্রমুখ বক্তব্য দেন।