News71.com
 Bangladesh
 19 Apr 16, 07:13 AM
 755           
 0
 19 Apr 16, 07:13 AM

বাংলাদেশীদের জন্য সুখবর।। প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ই–পাসপোর্ট

বাংলাদেশীদের জন্য সুখবর।। প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ই–পাসপোর্ট

নিউজ ডেস্ক: অচিরেই দেশে ই-পাসপোর্টের পাশাপাশি মেশিন রিডেবল পাসপোর্ট ব্যবহার করা যাবে।  ই-পাসপোর্টের ব্যবহার শুরু হলে বিদেশে যাওয়া-আসার সময় ইমিগ্রেশন এ যাত্রী ভোগান্তি কমবে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দু-এক দিনের মধ্যে কাজ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে পাশাপাশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করা যাবে। সরকারের যুক্তি, শুধু এমআরপি যাঁরা ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে ইমিগ্রেশনে দেরি হচ্ছে। ই-পাসপোর্টের ব্যবহার শুরু হলে বিদেশে যাওয়া-আসার সময় ভোগান্তি কমবে।

যদিও সরকার এ ক্ষেত্রে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে ই-পাসপোর্ট চালু করতে চায়। যে কোম্পানি কাজ পাবে তারা নিজ খরচে সব করবে। চুক্তি হবে পাঁচ বছরের জন্য। চুক্তি শেষে আনুষঙ্গিক সবকিছু পাসপোর্ট অধিদপ্তরকে বুঝিয়ে দিতে হবে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সোমবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ই-পাসপোর্ট কার্যকর হলে সবাই উপকৃত হবেন। আমরা প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই কাজ শুরু করব।’

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের শতাধিক দেশে এমআরপির পাশাপাশি ইলেকট্রনিক পাসপোর্ট প্রবর্তন করা হয়েছে। ই-পাসপোর্টে এমআরপির চেয়ে আরও নিরাপদে বাহকের তথ্য সংরক্ষিত থাকে। এশিয়ার বেশির ভাগ দেশে ইতিমধ্যে এ পাসপোর্ট প্রবর্তন করা হয়েছে।

এ প্রেক্ষাপটে ‘বাংলাদেশ পাসপোর্ট’-এর গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর জন্য অন্য দেশের সঙ্গে মিল রেখে যুগোপযোগী ভ্রমণ তথ্য প্রচলনের প্রয়োজনে বাংলাদেশেও ই-পাসপোর্ট প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, বেশির ভাগ দেশে ই-পাসপোর্ট ইস্যু করার কারণেই পাসপোর্ট ভেরিফিকেশন উপযোগী অবকাঠামো স্থাপন করা হয়েছে। ফলে ইমিগ্রেশনে দায়িত্বরত কর্মকর্তারা এ-সংক্রান্ত কাজ সহজে করতে পারছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ই-পাসপোর্ট প্রবর্তনের সব সুবিধা-অসুবিধা যাচাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছিল। কমিটি বলেছে, ই-পাসপোর্ট প্রবর্তনের জন্য বাংলাদেশ দূতাবাসে যে অবকাঠামো থাকা প্রয়োজন, এমআরপি বাস্তবায়নে তা রয়েছে। তবে ই-বুকলেট, পারসোনালাইজেশন মেশিন ক্রয়, এমআরপি সিস্টেমের সঙ্গে সংযোগ, সব ইমিগ্রেশন চেক পয়েন্টে ই-পাসপোর্ট পাঠযোগ্য করার ব্যবস্থা এবং ই-গেট করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বয়সভেদে পাঁচ ও দশ বছর মেয়াদি পাসপোর্ট দেওয়া হবে। যাঁদের এখন এমআরপি পাসপোর্ট আছে, মেয়াদ শেষ হলে তাঁদের ই-পাসপোর্ট নিতে হবে। ই-পাসপোর্টে পাতায় থাকা চিপসে পাসপোর্টধারীর সব তথ্য সংরক্ষিত থাকবে। এতে চোখের মণির ছবি ও আঙুলের ছাপসহ সিকিউরিটি চিহ্ন থাকবে। এ কারণে পরিচয় গোপন করা কঠিন হবে। যেসব দেশে ই-পাসপোর্টের সুবিধা রয়েছে, সেখানে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ প্রায় ১১৮টি দেশে এই ধরনের পাসপোর্ট চালু আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন