
নিউজ ডেস্ক : ভুমিকম্পের সাম্ভব্য ক্ষয় ক্ষতি কমাতে খুলনা নগরের অতি পুরোনো ও ঝুঁকিপূর্ণ ২৬টি ভবন অপসারণের সিদ্ধান্ত নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। গতকাল সোমবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস। সভায় দুর্ঘটনার আশঙ্কায় থাকা ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের মেয়রকে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসনের মালিকানাধীন ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমিটির সদস্যসচিব ও গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে থাকা ভবন অপসারণের ক্ষেত্রে গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতির বক্তৃতায় কেসিসির ভারপ্রাপ্ত মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ও ভৌগোলিক কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিনিয়ত ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের আশঙ্কা বিরাজ করছে। ফলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ ভবনগুলো মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। এ কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত অপসারণ করা দরকার।
তিনি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কেডিএ, ফায়ার সার্ভিস, গণপূর্ত বিভাগ, ওয়াসাসহ সব সরকারি-বেসরকারি সংস্থা ও নগরবাসীর সহায়তা কামনা করেন।
উল্লেখ্য খুলনা মহানগরে ১০০-এর বেশি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে ২০০৪ সালে ৬০টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কেসিসি। পরে বিভিন্ন সময় ওই ভবনগুলো অপসারণের উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি। ইতিপূর্বে গত অক্টোবর মাসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সিটি করপোরেশনকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেয় জেলা প্রশাসন।