
নিউজ ডেস্কঃ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের বর্জ্য ব্যবস্থাপনা দেখতে একটি প্রতিনিধিদল নিয়ে জাপান গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ ঢাকা ছেড়েছে প্রতিনিধি দলটি।
প্রতিনিধি দলে রয়েছেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহিম এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকল্প পরিচালক মো. আহসান হাবিব।
উল্লেখ্য, প্রতিনিধি দলটি ২২শে এপ্রিল জাপান সফর শেষ করে, ২৩ ও ২৪শে এপ্রিল একই উদ্দেশ্যে সিঙ্গাপুর সফর করবে। ২৫শে এপ্রিল দেশে ফেরার কথা প্রতিনিধি দলটির।
জাপান সফরে দলটি জ্বালানি চুল্লির মাধ্যমে ভস্মীভূত সরঞ্জামাদি দিয়ে পণ্য উৎপাদন প্রক্রিয়া এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে। এছাড়া এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিনিধিরা। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি ভস্মীভূত সরঞ্জামাদি দিয়ে পণ্য উৎপাদনের বিষয়ে জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগানোই এ সফরের উদ্দেশ্য ।